জীর্ণতার দিন শেষ। যেখানে ছিল ভাঙাচোরা চালা আর বৃষ্টির জলে ভেজা মেঝে, সেখানেই এখন সম্পূর্ণ নতুন, নিরাপদ ঠিকানা। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাগদাহ গ্রামের অসহায় বৃদ্ধা মা কছিরন বেওয়াকে নতুন ঘর হস্তান্তর করলো মানবিক সংগঠন ‘আর্ন এন লিভ’।
সকাল ১১ ঘটিকায় নতুন ঘরে প্রবেশের সময় বৃদ্ধার অশ্রুসিক্ত চোখে স্বস্তি আর অফুরান কৃতজ্ঞতার প্রতিচ্ছবি ফুটে ওঠে।
কয়েকদিন আগেও কছিরন বেওয়ার জীবন ছিল চরম অনিশ্চয়তার। একমাত্র ঘরটি ছিল ধসে পড়ার উপক্রম। ঘরের বেড়া ছিল না, বিছানা না থাকায় মাটিতেই শুয়ে থাকতে হতো তাঁকে। পাড়া-প্রতিবেশীর কাছ থেকে ভিক্ষা করে চলত তাঁর দৈনন্দিন জীবন।
এমন করুণ পরিস্থিতিতে কছিরন বেওয়ার পাশে দাঁড়ায় আর্ন এন লিভ।
ফরিদা ইয়াসমীন জেসি (প্রতিষ্ঠাতা পরিচালক, আর্ন এন লিভ) এর সার্বিক ব্যবস্থাপনায় এবং আর্ন এন লিভ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এই মানবিক উদ্যোগ সম্পন্ন হয়। ‘আর্ন এন লিভ’-এর ‘পূনর্বাসন’ প্রকল্পের আওতায় বৃদ্ধাকে শুধু একটি টিনশেড ঘর নয়, সঙ্গে একটি রান্নাঘর এবং একটি টয়লেটও তৈরি করে দেওয়া হয়েছে। পাশাপাশি, নতুন ঘরে থাকার জন্য একটি খাট এবং প্রয়োজনীয় আসবাবপত্রও দেওয়া হয়।
নতুন বাসস্থান পেয়ে বৃদ্ধা মা কছিরন বেওয়া আবেগে আপ্লুত হয়ে পড়েন। কৃতজ্ঞ অশ্রুসিক্ত নয়নে তিনি আর্ন এন লিভ এবং এর স্বেচ্ছাসেবকদের জন্য মন ভরে দোয়া করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঈম হাসান (বিভাগীয় সেক্রেটারি, আর্ন এন লিভ)। এছাড়াও কুড়িগ্রাম জেলা শাখা টিমের স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান, আব্দুল আউয়াল, মোহাম্মদ আলী, নাঈম হাসান, আরিফুল ইসলাম, মোঃ আব্দুল আজিজ, তারেক খান মজলিশ তারা, সাজ্জাদ হোসেন, মহতাসিন বিল্লাহ, তাহসিন ও নিমা আক্তার।
আর্ন এন লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি বলেন, "আর্ন এন লিভ অসহায়, প্রতিবন্ধী মানুষের ভরসার প্রতীক। ইনশাআল্লাহ আগামীতেও এই ধরনের কাজ চলমান থাকবে।"
এলাকাবাসী আর্ন এন লিভ-এর এই মহৎ কাজের ভূয়সী প্রশংসা করে তাদের জন্য দোয়া করেন। এই নতুন ঘরটি কেবল একটি কাঠামো নয়, এটি বৃদ্ধা কছিরন বেওয়ার জন্য এক নিরাপদ জীবন এবং নতুন করে বেঁচে থাকার সাহস।
আপনার মতামত লিখুন :