ভোলার মনপুরায় আকস্মিক বজ্রপাতে দুইটি গরুর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কৃষক মোঃ হামিদ বেপারী। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জনতার বাজারের পশ্চিম পাশে মেঘনা নদীর নতুন বেড়ির উপরে এ ঘটনা ঘটে।
এসময় বজ্রপাতে গুরুতর আহত হন কৃষক মোঃ হামিদ বেপারী। তাকে আশঙ্কাজনক অবস্থায় চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে তার দুইটি গরু ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয়রা জানান, মৃত গরুগুলোর বাজারমূল্য প্রায় এক লাখ বিশ হাজার টাকা। উপার্জনের একমাত্র সম্বল গরু হারিয়ে হতবাক হয়ে পড়েছে হামিদ বেপারীর পরিবার। নিহত গরুগুলোর পাশে পরিবারের সদস্যদের আহাজারি করতে দেখা গেছে।
এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক চ্যানেল ভোলাকে জানান, বজ্রপাতে এক কৃষক আহত ও দুইটি গরু মৃত্যুর খবর পেয়েছেন। তিনি বলেন, “এটা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য অত্যন্ত দুঃখজনক। পরিবারটিকে সরকারিভাবে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করা হবে।”
তিনি আরও জানান, বর্ষা মৌসুমে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য সতর্ক থাকতে হবে।
আপনার মতামত লিখুন :