ফরিদপুরে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রয়েল মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
সোমবার দুপুর ১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার পরানপুর গ্রামের হালিম মন্ডলের ছেলে রয়েল মন্ডলের সঙ্গে কৈজুরী ইউনিয়নের শোলাকুন্ডু গ্রামের আঃ রহিম খাঁর মেয়ে মালিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মালিনাকে নির্যাতন করা হতো।
২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে মেয়ের ওপর নির্যাতনের খবর পেয়ে আঃ রহিম খাঁ জামাইবাড়ি যান। রাত ৮টার দিকে মেয়ে ও নাতিদের নিয়ে বের হওয়ার সময় আসামিরা মালিনাকে জোর করে ধরে বাড়ির পাশের গম ক্ষেতে নিয়ে যায় এবং সারা শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের বাবা আঃ রহিম খাঁ কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৪ বছর পর সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই রায় দেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামিকে খালাস দেন আদালত।
আপনার মতামত লিখুন :